কোনটা সত্য, কোনটা মিথ্যা মানুষ বোঝে : খসরু

উত্তর পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট চেয়েছেন চট্টগ্রাম১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণজোয়ার কাকে বলে জনগণই দেখিয়ে দিচ্ছে। মানুষের বাঁধভাঙা জোয়ার ধানের শীষের পিছনে ছুটছে। বাংলাদেশের যেকোনো সংকটে জনগণের আস্থা থাকবে বিএনপির উপর, ধানের শীষের উপর এবং তারেক রহমানের উপর। গতকাল শনিবার বিকালে ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। পতেঙ্গা হোসেন আহম্মদ পাড়া র‌্যাব সেভেন গলির সামনে থেকে শুরু করে খেজুরতলা, হাউজিং কলোনি, স্টিল মিল বাজার, হাদি পাড়া, কাটগড়সহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগে হাজার হাজার জনগণ ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ খুব সচেতন। তারা কোনটা এআই, কোনটা প্রোপাগান্ডা সেটা ভালো করে জানে। কোনটা সত্য, কোনটা মিথ্যা সেটা ভালো করে বোঝে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা দ্রুত নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার ও স্থিতিশীল দেশ। নির্বাচন কমিশনের সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, মহানগর বিএনপির সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মোহাম্মদ সাহাবুদ্দিন, আবু জাফর, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রেজাউল, মোহাম্মদ জসিম, মোহাম্মদ লোকমান, মনজুর কাদের, খুরশীদ আলম ও নয়ন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি : আসিফ