কী বিষণ্ন এই জগত সংসারের মুখ
ঘরে ঘরে বাতি জ্বলে, আলো নেই!
হতাশার বিষাদে পরিণত হয় চাওয়াগুলো
জীবন তরঙ্গে বয়ে যায় আর্তনাদ
এতোসব উৎকণ্ঠার ভেতরেও কল্পনা বাসা বাঁধে
আকাঙ্ক্ষার জাল বুনে, অথচ সবই মিথ্যে;
কোন সত্যই নেই এখানে!
ওই যে, মেয়েটির পরনে লালশাড়ি
অনামিকায় অঙ্গুরী খোঁপায় ফুল, তাও তো মিথ্যে
নিপুন ছদ্মবেশে যুবক
দর কষে নিয়ে যায় আপন ভুবনে, শুরু হয় প্রহসন
প্রতিশ্রুতির বন্ধনে ঘর–গৃহস্থলী হয়ে যায় মিথ্যে
সময়গুলো পাথর চেপে দুঃস্বপ্নের ভেতরে লুকিয়ে থাকে
কেবল অন্ধকারে বয়ে চলে,অবলুপ্ত জীবন
বুকের আহাজারি হাঁটু ভেঙে পড়ে থাকে, নিস্তব্ধ নগরীতে!
অসহায় রাতের চিৎকার ভেসে আসে
আহা…কোথাও কি কেউ নেই?







