চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও আনুষঙ্গিক কার্যক্রম সংক্রান্ত প্রস্তুতি ও বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. কামরুজ্জামান। কমিটির সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) ডা. সালেহ আহমেদ সুলেমান বার্ষিক প্রতিবেদন পেশকালে বলেন, মুসলমানদের প্রধান ধর্মীয় দুইটি পর্ব, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, নগরীর গরীব ও এতিম ছাত্রদের মাঝে প্রতি বছর ঈদের নতুন বস্ত্র বিতরণ, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণসহ নানামুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সভায় কমিটির ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সম্মুখস্থ জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় আদায়ের সিদ্ধান্ত গৃহিত হয়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। বিকল্প ইমাম থাকবেন মুফতী মুহাম্মদ নুরুন্নবী। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল ফিতরের নামাজের সময়সূচি স্থানীয় কমিটির সিদ্ধান্তানুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মুসলমানদের সর্ববৃহৎ উৎসব হলো, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এই উৎসবকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ভূমিকা রয়েছে। উৎসব কখনো একা পালন করা যায় না। উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে প্রয়োজন সমবেত প্রয়াস। সভায় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিমের ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয় এবং ডা. সালেহ আহমেদ সুলেমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল থেকে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় বক্তব্য দেন, সহ–সভাপতি শাহজাদা এনায়েত উল্ল্যাহ খান, ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, অ্যাড. মাহাবুব উদ্দীন আহম্মদ, ইরফান আলী ভূঁইয়া, এরশাদ আলী ভূঁইয়া, আশরাফুজ্জামান আশরাফ, হাফেজ আহমদ হাসান, ডা. আকতার হোসেন ভুট্টো। প্রেস বিজ্ঞপ্তি।










