বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এঙপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেছেন। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মুফিদুল আলমের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টির এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম শাহরিয়ারের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ পরিদর্শনে যায়।
এ সময় কোরিয়ান ইপিজেডের লিগ্যাল এন্ড স্টেট ডিপার্টমেন্টের প্রধান মো. মোজাম্মেল হুসাইন চৌধুরী তাদের স্বাগত জানান। তিনি কোরিয়ান ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
পরিদর্শন বিষয়ে ছাত্র-ছাত্রীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শেষে কর্মজীবনে প্রবেশের পূর্বে এই আয়োজন আমাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আশা করছি কেইপিজেডের অনেক প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমাদের ইন্টার্নশীপ করার সুযোগ প্রদান করবেন। এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেইপিজেড কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।










