অসময়ের মিশকালো দিন
দুর্বিসহ কাল,
আট ফাগুনের দিনে হলো
কৃষ্ণচূড়া লাল।
দুলেই ওঠে খোকার বুকে
প্রতিবাদের দোল,
ভাষার মিছিল,রাখবো ধরে
মায়ের মুখের বোল।
সেই না বুকের তাজা খুনে
রাজপথ হয় লাল,
শ্রদ্ধায় তাঁদের স্মরণ–বরণ
করছি চিরকাল।
রাতের শেষে এই মন ওঠে
ভালোবাসায় দুলে,
প্রভাতফেরি ভরায় শহীদ
মিনার ফুলে ফুলে।








