কুতুবদিয়ায় আগুনে পুড়ল জেলে পাড়ার ৩৩ বসতঘর

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

কুতুবদিয়ার আলী আকবর ডেইল জেলে পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে জেলেপল্লীতে এ ঘটনা ঘটে। আগুনে জেলেপাড়ার প্রান্তিক জনগোষ্ঠীর ৩৩টি পরিবার নিঃস্ব হয়ে গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে দিধার জলদাসের বাড়িতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গণবসতিপূর্ণ পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি টিম ও এলাকাবাসী মিলে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দিধার দাস, চন্দ্র সেন, ইমালুন্দ, সিংহল জলদাস, প্রেমদাস, বিকল দাস, মধু রানী, সোহান দাস, সকাল দাস, মুরলী দাস, মুরপী দাস, জিসাস দাস, সরিপ দাস, রনী দাস, ধলু, সিধাম, রুবেল, মেঘদাস, দীপারানী, রূপাল দাস, সবুজ দাস, পবিরন দাস, বুইশ্যা, অজিত, শুনু দাস, কালাগুচু, বাবুল দাস, মুন্নাবরণ, টুট্টন দাস, ওরাসেন, রুবান দাস, সুধাংশু ও ভাগবতীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

প্রবিরন দাসের স্ত্রী নয়ন দাস বলেন, তার পিত্তথলীর অপারেশনের জন্য ১ লাখ টাকা লোন করে রেখেছিলেন। নগদ টাকা, তার স্বামীর ডিগ্রির মূলসনদ সবই পুড়ে এখন নিঃস্ব তারা।

আলী আকবর ডেইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, অগ্নিকাণ্ডের এলাকা জেলে পাড়ায় তিনি রাতেই গিয়েছিলেন। এক লাইনে ও ঘনবসতির কারণে অন্তত ৩২–৩৩ টা ঘর পুড়ে গেছে। জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, জেলে পাড়ায় ৩৩টি কাঁচা ও আধাপাকা ঘর পুড়ে গেছে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে আবারও মুখোমুখি ভারত-চীন
পরবর্তী নিবন্ধসেই ঘুণ্টিঘর থেকে গ্রেপ্তার আরও ২৮