কিশোর গ্যাং লিডার সুজন গ্রেপ্তার

আজাদীকে প্রতিবেদন | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর খুলশীতে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার মামলার অন্যতম প্রধান আসামি ‘সুজন গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের প্রধান মো. সুজনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব–৭। গতকাল শনিবার সাড়ে ১১টার দিকে খুলশী থানাধীন কালুর মার কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর নগরীর ওয়াসা মোড়ের খাজা পেট্রোল পাম্পের সামনে মো. মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে ভিকটিমের ভাগিনার সঙ্গে ‘সুজন গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের সদস্যদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ভিকটিমের ভাগিনা ইফতেখার হোসেনকে (১৮) সুজন গ্রুপের সদস্যরা চড়–থাপ্পড় মারে। এ ঘটনার খবর পেয়ে ভিকটিম মো. আজিজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দিয়ে বাসায় চলে যায়। পরবর্তীতে ওই দিন বিকেল ৪টার দিকে ভিকটিম আছরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ওয়াসা মোড়ের অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে মো. সুজনের নেতৃত্বে ৮–১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য ভিকটিমের পথরোধ করে। এ সময় মো. সুজন ভিকটিমের বুকের বাম পাশে, পেটে এবং কোমরে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।

উক্ত হামলার ঘটনায় ভিকটিম মো. আজিজ উদ্দিন চৌধুরী বাদী হয়ে নগরীর খুলশী থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা দায়ের হওয়ার পর আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সুজন নগরীর খুলশী থানাধীন কালুর মার কলোনি এলাকায় অবস্থান করছে– এ সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মসজিদের ভিতর দুই পক্ষে মারামারি
পরবর্তী নিবন্ধ২৭ বছরের পুরনো নয়াহাট স্টিল ব্রিজ হবে কংক্রিটের