কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে, ৩ দিন সশরীরে ক্লাস

কোন কোন স্কুলে এ নিয়ম চালু হচ্ছে তা স্পষ্ট করেননি মন্ত্রী

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

জ্বালানি সাশ্রয়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাসে হবে। আর শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা ক্লাসে বসে সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নেবে। আগামী রোববার থেকেই এ নিয়ম চালু হচ্ছে বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই সংবাদ সম্মেলন হয়। খবর বিডিনিউজের।

কোন কোন স্কুলে এ নিয়ম চালু হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা করোনা না যে আমরা জোর করে করব, এটা ব্লেন্ডিং এডুকেশন। অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালি ওয়েল রিনাউন্ড অ্যান্ড হিউজ ক্রাউডেড স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাড়িতে স্কুলে আসে। এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিরুল মিল্লাত জয়েন করতে চাচ্ছে, আমরা কিন্তু উনাদের বলিনি।

ছয়দিন ক্লাস চালু করায় শিক্ষকদের একদিন ছুটি কমে যাচ্ছে কিনা, সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ’। এক্ষেত্রে বৈষম্য তৈরি হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, না না, কোনো বৈষম্য তৈরি হবে না। আমরা আমাদের শহরের রিনাউনড স্কুলগুলো, যেটাতে গাড়ি নিয়ে আসে যায়, যানজট তৈরি করে। এইটা তো কালকে ডিসকাশন হয়েছে। এটা সারা বাংলাদেশ না, সারা মেট্রোপলিটন না।

সারা বাংলাদেশের সব স্কুলে এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সারাদেশে আমরা যদি প্রস্তুতি নিই, সারাদেশেই আমরা যাব। যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টিপুলেট করা যাবে না, যে লেখাপড়ার ধস নামবে। এটা আমাদেরই সম্পদ, সেটা ভেবে শুনে, আস্তে ধীরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোব।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল