আগের ম্যাচেই রেকর্ডটি গড়েছিলেন মোহাম্মদ নাদিম। পরের ম্যাচে তাকে ছাড়িয়ে গেলেন আমির কালিম। ওমানের ওই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে ফিফটির রেকর্ড এখন আরেক অভিজ্ঞ ওমানি ক্রিকেটারের। ফিফটির আগে বল হাতে উইকেট শিকার করেও রেকর্ড বইয়ে নাম লেখান কালিম। টি–টোয়েন্টি বিশ্বকাপে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঝড়ো ফিফটিতে রেকর্ডটি নিজের করে নেন কালিম। কলম্বোতে দল বড় ব্যবধানে হারলেও ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। ৪৪ বছর ৮৬ দিন বয়সে ইনিংসটি খেলে রেকর্ড গড়লেন কালিম। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাদিম ফিফটি করেছিলেন ৪৩ বছর ১৬১ দিন বয়সে। বয়স ৪০ ছুঁয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে ফিফটি করা ক্রিকেটার কেবল তারা দুজনই। নাদিম ছাড়িয়ে গিয়েছিলেন ৩৯ বছর ৩৪৫ দিন বয়সে ফিফটি করা সানাৎ জায়াসুরিয়ার রেকর্ড। কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে আইরিশদের বিপক্ষে এ দিন ফিফটির আগে ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টি উইকেটও শিকার করেন কালিম।
এখানেও নিজেকে তুলে নেন তিনি সবার ওপরে। টি–টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে উইকেট শিকারের কীর্তিও এখন তার। আগের রেকর্ডটি ছিল হংকংয়ের রায়ান ক্যাম্পবেলের। ২০১৬ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নেওয়ার দিনে তার বয়স ছিল ৪৪ বছর ৩২ দিন। বিশ্বকাপে রেকর্ড গড়লেও আন্তর্জাতিক টি–টোয়েন্টির রেকর্ড গড়তে আরও অনেক বছর খেলতে হবে কালিমকে। লুক্সেমবার্গের টনি হোয়াইটম্যান ২০২১ সালে মাল্টার বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলেন ৫২ বছর ১০১ দিন বয়সে।











