কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় বুধ ও বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বুধবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কোথাও তুলে ধরা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলছেন, বর্ষাপূর্ববর্তী এ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় আবহাওয়ার স্বাভাবিক পরিক্রমার অংশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, আর কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

কাজী জেবুন্নেসা বলেন, বছরের এ সময়ে বৃষ্টি ও কালবৈশাখী স্বাভাবিক। মঙ্গলবারও দেশের কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবারও কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড় বা অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খবর বিডিনিউজের।

বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি দশমিক ২ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই সময়ে নেত্রকোণায় সর্বোচ্চ ৪৯ মিলিমিটার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় এবং শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধনগরে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত বন্ধু