সাবেক পানিসম্পদমন্ত্রী, প্রবীণ আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌফিক হাসান জানান। ৮৬ বছর বয়সী আওয়ামী লীগের সাবেক এই সভাপতিমণ্ডলীর সদস্য ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী সময়ের মামলায় গ্রেপ্তার হয়ে দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। খবর বিডিনিউজের।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, রমেশ চন্দ্র সেন সকালে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে সকাল ৯টা ১০ মিনিটে হাসপাতালে আনা হয়। ৯টা ২৯ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











