কাপ্তাই লেকে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ (পানির পরিমাপ সূচি) অনুযায়ী, গতকাল শনিবার লেকটিতে পানি থাকার কথা ছিল ১০১ ফুট মিন সি লেভেলের বেশি। কিন্তু বর্তমানে পানির উচ্চতা ৯৭ ফুট মিন সি লেভেলের সামান্য বেশি। লেকে পানি কম থাকায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও হ্রাস পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবগুলোই বর্তমানে উৎপাদন সক্ষম। তবে লেকের পানির স্তর কমে যাওয়ায় সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মার্চের আগে পার্বত্য চট্টগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি না হওয়া পর্যন্ত লেকের পানি বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই বরং স্তর আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে উৎপাদন সচল রাখার লক্ষ্যে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি সচল রেখে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি সচল রয়েছে। এই ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং তা পুরোপুরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন, কাপ্তাই লেকে পানির বর্তমান উচ্চতা ৯৭.৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)।








