রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে ট্রাক ভর্তি করে কাগজপত্রবিহীন অবৈধভাবে পাচারকালে ৩৬ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়নের সদস্যরা। সারের পরিমাণ ১ হাজার ৮শ কেজি। সূত্র জানায়, ঢংছড়ি চেকপোস্টে বিজিবি সদস্যরা যানবাহন তল্লাশি করার সময় উল্লেখিত সার ধরা পড়ে। এই বিপুল পরিমাণ সার পরিবহনে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদ অথবা পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি। জব্দকৃত সারসহ ট্রাকটি কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে।
এছাড়া কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র–গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুট গুলো শনাক্ত করে টহল জোরদার, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি করা হয়েছে বলে জানায় বিজিবি।











