রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে ইউপি সদস্য মো. মামুনের (৪২) ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের হামলায় চন্দ্রঘোনা ইউপি সদস্য মামুন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১০টার পর এ ঘটনা ঘটেছে। মো. মামুন (৪২) চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বারঘোনা এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর আহত হলে তাকে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, ইউপি সদস্য মামুন ঘটনার দিন রাত সাড়ে ৮টার সময় ইউপি কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাজা শেষ করে নিজ বাসার সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েক সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হামলায় ইউপি সদস্য মামুনের মাথায় এবং হাতে মারাত্বকভাবে জখম হয়েছে। তবে কী কারণে এবং কারা হামলা করেছে তা তদন্ত কারা ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে।











