কানাডাকে হারিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

কানাডার ওপেনার যুবরাজ সামরার রেকর্ড সেঞ্চুরি ম্লান করে টিটোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে গ্রুপ পর্বে তৃতীয় জয়ের সুবাদে সুপার এইট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গতকাল ‘ডি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে কানাডাকে। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটের টিকিট পায় কিউইরা। এই গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের সবগুলোতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের সুপার এইট নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিল আফগানিস্তানসংযুক্ত আরব আমিরাত ও কানাডা। চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ বলে ১১৬ রানের সূচনা করেন কানাডার দুই ওপেনার যুবরাজ ও অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। ৩৯ বলে ৩৬ রান তুলে আউট হন বাজওয়া। ৫৮ বলে টিটোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেন যুবরাজ। টিটোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সহযোগী দেশের মধ্যে কোন ব্যাটারের এটি প্রথম সেঞ্চুরি। এছাড়া ১৯ বছর ১৪১ দিন বয়সে টিটোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে ২২ বছর বয়সের নিচে কোন ব্যাটারের এটি প্রথম সেঞ্চুরি। ২০১৪ সালের বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ২২ বছর ১২৭ দিন বয়সে সেঞ্চুরি আগের রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। যুবরাজের রেকর্ড সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান পায় কানাডা। নিউজিল্যান্ডের চার বোলার ১টি করে উইকেট নেন। জবাবে ৩০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর শক্ত হাতে নিউজিল্যান্ডের হাল ধরেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দু’জনের ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৯ বল বাকী রেখে জয়ের বন্দরে পা রাখে নিউজিল্যান্ড। ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ৩৬ বলে অপরাজিত ৭৬ রান করে ম্যাচ সেরা হন ফিলিপস। ৪ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে অনবদ্য ৫৯ রান করেন রবীন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতায় চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসুপার এইটে জিম্বাবুয়ে, গ্রুপ পর্ব থেকে বিদায় অস্ট্রেলিয়ার