জীবন একটা খেলা। এই খেলায় সবাই কোনও না কোনও সময় হেরে যায় নিয়তির কাছে। কেউ ভাগ্যের জোরে বা কর্মফলের কারণে। কিছুদিন মানুষ হয়তো ভালো থাকে আবার কখনো দুঃখ উপস্থিত হয়। অনেকের আবার ভালো আসবে আসবে অপেক্ষায় থেকেও সুদিন আর আসে না।
জীবন তো সুন্দর। জীবনের ঘ্রাণ শিশুদের ত্বকের মতো। শঠতা আর পঙ্কিলতায় ভরা পৃথিবীতে সবই অসুন্দর করে তোলে কিছু মানুষ। কেউ কাউকে বড় হতে দেখলে কী করে তাকে নামাবে সেটাই চিন্তা করে। কিন্তু অন্যকে নামাতে নামাতে কখন যে সে নিজেই সবার চোখে নেমে যায় নিজেও জানে না।
মানুষ এখন যোগ্যতায় বিশ্বাসী নয়, এখন তোষামোদে বিশ্বাসী। তাই বোধহয় ছোট ছোট বাচ্চাদের মধ্যেও নৈতিকতা বিলুপ্ত হচ্ছে। তবে বিধাতার বিচার আজোও সঠিক আছে, তাই এখনো পৃথিবী টিকে আছে। মায়ার জালে আবদ্ধ হয়ে সবাই বেশ লাফিয়ে চলছে বটে তবে, আসল মালিক হলেন বিধাতা। তিনি কিন্তু শেষ দানও উল্টে দিতে পারেন নিমেষেই।
কর্ম কখনো বিফলে যায় না। যেমন কর্ম করবেন, তেমন ফল ভোগ করতেই হবে। কখনো কেউ আগে কর্মফল ভোগ করে কখনো কেউ পরে করে। তাই জীবন নিয়ে অহংকার একদম করা উচিত নয়। বরং সন্তুষ্টি প্রকাশ করা উচিত যা আছে তা ভালোই আছে। যা নেই তা আমাদের কপালেই হয়তো ছিলো না।












