কাউন্টিতে এবার হাসান মাহমুদের সাথে আছেন বাংলাদেশের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ। তারা দুজন খেলবেন কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে। এই মৌসুমের আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের কেবল সাকিব আল হাসানের। এবার এক মৌসুমে সেই স্বাদ পাচ্ছেন দুজন এবং একই দলে। হাসান এর মধ্যেই খেলে ফেলেছেন। এখন তিনি সঙ্গী পাচ্ছেন খালেদকে। সব ঠিকঠাক থাকলে উস্টারশায়ারের বিপক্ষে ক্যান্টারবুরিতে আজ বুধবার একসঙ্গে মাঠে নামবেন বাংলাদেশের দুই পেসার। যে কোনো সংস্করণেই এই প্রথম দেশের বাইরের কোনো দলে খেলার সুযোগ পেলেন খালেদ। বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে ছিলেন খালেদও। তবে দুই টেস্টের কোনোটিতে খেলার সুযোগ পাননি ১৮ টেস্টে ৩৪ উইকেট শিকারি পেসার। ৩৩ বছর বয়সী পেসার কেন্টের ওয়েবসাইটে বললেন, ক্লাব সমর্থকদের ও বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের ভালো কিছু উপহার দিতে চান তিনি।











