রাঙামাটির কাউখালীতে পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছেন। নিহতরা হলেন মৃত কবির আহমদ মিস্ত্রির পুত্র মো. পেয়ার মোহাম্মদ (৫০) ও অঞ্জন বড়ুয়ার পুত্র সুফল বড়ুয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে শিক্ষক সাধন বড়ুয়ার বাড়িতে পাহাড়ের সাথে লাগানো ওয়াল নির্মাণের কাজ করছিলেন দুই শ্রমিক। হঠাৎ করে কাটা পাহাড় ধসে পড়ে তাদের ওপর। এতে করে মাটিতে চাপা পড়েন তারা। খবর পেয়ে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে। তবে উদ্ধারের পূর্বেই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল দুপুরে ঘটনাস্থল থেকে মৃতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক বিকাশ সরকার।
গতকাল রাত ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ এস এস শহীদুল ইসলাম জানান। তিনি বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেনি। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










