আইপিএলে মোস্তাফিজুর রহমানের বদলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছেন ব্লেসিং মুজারাবানি। কেকেআরের হয়ে খেলতে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) না বলে দিয়েছেন তিনি। তার সেখানে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল। মূলত জিম্বাবুয়ের পেসার কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআরে হয়ে চুক্তি করায় এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, মুজারাবানি ইতোমধ্যে ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুক্রবার কেকেআরও তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কেকেআরকে। ২০২৬ সালের আইপিএল নিলামে তাকে প্রায় ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে নিয়েছিল কলকাতা। পরে মোস্তাফিজ পিএসএলে লাহোর কালান্দার্সে চুক্তিবদ্ধ হন। আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএল। আইপিএল শুরু হবে তার দুই দিন পর। মুজারাবানি এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। তবে গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পিএসএল নিলামে তাকে প্রথমে কোনও দল নেয়নি। পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। সমপ্রতি অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুজারাবানি। নিজেদের গ্রুপে শীর্ষে থেকে সুপার এইটে জায়গা করে নেওয়ার ক্ষেত্রেও ছিল তার অবদান। ছয় ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট! তার মধ্যে টুর্নামেন্টের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে চারটি উইকেট নেন তিনি।












