কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৮

বৃষ্টির মধ্যে উপচে পড়া ভিড়ে দুর্ঘটনা, আহত অনেক

আজাদী ডেস্ক | রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ভারতের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। গতকাল শনিবার সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরাবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বাইরে প্রবল বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজের প্রতিবেদনে বলা হয়, আহত ব্যক্তিদের নিকটবর্তী কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আনন্দবাজার পত্রিকা হাসপাতালের একটি সূত্রের বরাতে জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে মেডিক্যাল কলেজ সূত্র জানিয়েছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, বৃষ্টির কারণে অনেক দর্শনার্থী মণ্ডপের ভেতরে অবস্থান করছিলেন। অন্যদিকে, বাইরে বৃষ্টি থেকে বাঁচতে প্রবেশপথে অপেক্ষমাণ লোকজন ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এতে ভিড়ের চাপ বাড়ে এবং একপর্যায়ে মানুষ একে অপরের ওপর পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ঘোষণা ছিল না। স্থানীয়দের কেউ কেউ পর্যাপ্ত পুলিশ না থাকা এবং আহতদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক সহায়তার অভাবের অভিযোগও করেছেন।

ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দও হাসপাতালে যান। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এঙে দেওয়া এক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টানেলের লোকসানের কারণ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি
পরবর্তী নিবন্ধপিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক