কলকাতার নির্মাতা–অভিনেতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শেকড়’ নামের যে সিনেমাটি করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, সেই সিনেমার দুইটি গানে কণ্ঠও দিয়েছেন চঞ্চল। খবর বিডিনিউজের।
এর মাধ্যমে এবারই প্রথম প্লেব্যাকে পাওয়া যাবে চঞ্চলকে। সিনেমার জন্য দুইটি বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ফেসবুকে স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চলের গানের অনুশীলনের দুইটি ছবি পোস্ট করেছে। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘শেকড়’ হল ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন।
সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের। এর আগে সিনেমার ডাবিংয়ের শেষ করে একটি ছবি পোস্ট করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছিল, ‘শেকড়’ সিনেমার ডাবিং আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে, আর মাইকের পেছনে শক্তিশালী অভিনয়ের জাদু নিয়ে ছিলেন চঞ্চল। ব্রাত্য বসুর নির্দেশনায় প্রজেক্টটি হয়ে উঠছে সত্যিই বিশেষ কিছু।












