স্বাস্থ্যসেবা খাতে ক্রীড়া সংস্কৃতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপ–২০২৬। দিনব্যাপী এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কর্পোরেট পর্যায়ের একাধিক হাসপাতাল এতে অংশগ্রহণ করে। কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে সেমি ফাইনালে উত্তীর্ণ হয় অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, সিএসসিআর প্রাইভেট লিমিটেড এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেড। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মুগ্ধ করে। সেমি ফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল এবং সিএসসিআর প্রাইভেট লিমিটেড। দুই দলের উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাময় প্রাণবন্ত ফাইনাল ম্যাচে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল ৩–০ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিএসসিআর প্রাইভেট লিমিটেড পায় টুর্নামেন্টে রানার–আপ হয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ওয়াহিদ মালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী ও হেড অফ এইচ আর জনাব মোহাম্মদ আরিফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে সিএসসিআর প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ডা. মোর্শেদুল করিম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার ডা. সালাউদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ওয়াহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতে সুস্থ প্রতিযোগিতা, দলগত নেতৃত্ব ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপ আমাদের কর্মীদের মধ্যে ঐক্য, উদ্যম ও ইতিবাচক মানসিকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপ– ২০২৬ কর্পোরেট পর্যায়ে ক্রীড়াচর্চা, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অংশগ্রহণকারী দল ও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।












