কর্ণফুলী পেপার মিল কখনো বন্ধ করবে না সরকার। বরং একসময়ের এশিয়া খ্যাত এই কারখানাকে আরো আধুনিক করে পরিচালনা করার উদ্যোগ নিচ্ছে সরকার।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান সম্প্রতি কাপ্তাই কেপিএম কারখানা পরিদর্শন শেষে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যান কেপিএমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কারখানার সার্বিক উন্নয়ন কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি কেপিএম উৎপাদিত কাগজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাকসহ কারখানার উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কেপিএম অতিথি ভবনে আয়োজিত সভায় বিসিআইসি চেয়ারম্যান বলেন, কেপিএম একটি ঐতিহ্যবাহী শিল্প কারখানা। দীর্ঘ ৭৫ বছর ধরে কাগজ উৎপাদন করে এই কারখানা জাতীয় পর্যায়ে অবদান রেখে আসছে। দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় কেপিএম উৎপাদিত কাগজে তৈরি ব্যালট পেপারে মানুষ ভোট দিয়ে সরকার গঠন করে। কাজেই কেপিএম বন্ধ না করে কীভাবে এই প্রতিষ্ঠানের উৎপাদন আরো বাড়ানো যায় সেই বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তিনি কেপিএমের সার্বিক উন্নয়নে কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক–কর্মচারীদের প্রতি আহ্বান জানান।












