কর্ণফুলী জোনে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা দল

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল শনিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্ণফুলী জোনের ফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা দল ১০ গোলে স্বাগতিক বান্দরবান জেলা দলকে পরাজিত করে। ফাইনাল খেলায় চট্টগ্রামের পক্ষে বিজয়সূচক একমাত্র গোলটি করেন প্রধান দাশ রাতুল। বান্দরবান জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের শুরু থেকেই দু’দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। কিন্ত গোলের দেখা পাচ্ছিল না দু’দলের কেউই। খেলার প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্যভাবে। তবে প্রথমার্ধে ব্যর্থ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নিতে সক্ষম হয় চট্টগ্রাম জেলা দল। খেলার ৫০ মিনিটে প্রধান দাশ রাতুল গোল করে চট্টগ্রামকে এগিয়ে দেন ()। খেলার বাকি সময় বান্দরবান জেলা দল এ গোল আর শোধ দিতে পারেনি। চট্টগ্রামও গোল বাড়াবার চেষ্টা করে। কিন্তু তা ফলপ্রসু হয়নি। শেষ পর্যন্ত সে গোল ধরে রেখে জয় এবং শিরোপা দুটিই নিশ্চিত করে নেয় চট্টগ্রাম জেলা দল। খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে উঠে চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন দল হিসেবে চট্টগ্রাম জেলা দল বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো। চট্টগ্রামের একমাত্র গোলদাতা রাতুল ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এর আগে গত ৫ মার্চ বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রাথমিক পর্বের প্রথম খেলায় খাগড়াছড়ি জেলা দলকে ৩০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চট্টগ্রাম জেলা দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা রাঙ্গামাটি জেলা দলের সাথে ১১ গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক বান্দরবান জেলা দলের সাথে ১১ গোলে ড্র করে গ্রুপ রানার আপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম জেলা দল। সেমিফাইনালে ফেনী জেলা দলকে টাইব্রেকারে ৪২ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় চট্টগ্রাম। ফাইনালে বান্দরবানকে হারিয়ে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি এবং দলের ম্যানেজার ও যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলুর নেতৃত্বে চট্টগ্রামের তরুণরা দারুণ একটি টুর্নামেন্ট সম্পন্ন করে চট্টগ্রামের মুখ উজ্জ্বল করলো। চট্টগ্রাম দলের কোচের দায়িত্ব পালন করেন আবদুস সবুর। সহকারী ম্যানেজার ছিলেন এ টি এম মোহসিন সুমন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর খানজামা লুসাই।

গতকালের ম্যাচে চট্টগ্রাম জেলা দলকে উৎসাহ যোগাতে বান্দরবান স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, নির্বাহি সদস্য আবু সৈয়দ মাহমুদ, কাজি জসিম উদ্দিন, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া সহ চট্টগ্রামের অনেক সাবেক এবং বর্তমান ফুটবলার উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা দলের তরুণ ফুটবলারদের এখন প্রস্তুত হতে হবে পরবর্তী গন্তব্য ঢাকা মিশনের জন্য।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির শাস্তি পেলেন সালমান
পরবর্তী নিবন্ধসালমানকে রান আউট করা নিয়ে মিরাজের বক্তব্য