বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল সোমবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল ১–১ গোলে বান্দরবান জেলা দলের সাথে ড্র করে। এতে করে গ্রুপ রানার আপ হিসেবে চট্টগ্রাম সেমিফাইনাল নিশ্চিত করে। চট্টগ্রাম তাদের প্রথম খেলায় খাগড়াছড়ি জেলা দলকে ৩–০ গোলে পরাজিত করে। এরপরের ম্যাচে তারা রাঙ্গামাটি জেলা দলের সাথে ১–১ গোলে ড্র করে। গতকালের খেলায় চট্টগ্রাম প্রথমে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি তারা। তাদেরকে আবার শেষ কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে প্রথমে গোল আদায় করে নিতে সক্ষম হয় চট্টগ্রাম জেলা দল। খেলার ৫৯ মিনিটে দারুন এক প্লেসিং শটে গোল করে চট্টগ্রাম জেলা দলকে এগিয়ে নেন আরিফুল ইসলাম রকি (১–০)। তবে ১০ মিনিটের মধ্যেই সে গোল পরিশোধ করে দিতে সক্ষম হয় বান্দরবান জেলা দল। ৬৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে খেলায় সমতা ফেরান বান্দরবান জেলা দলের প্রাণ সার ম্রো (১–১)। খেলার ৮৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় দলের তৌহিদুলকে। তবে খেলার বাকি সময়ে আর কোন দলের পক্ষে গোল করা সম্ভব হয়নি। ফলে ১–১ গোলের অমিমাংসিত ফলাফল নিয়ে মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম ও বান্দরবানকে। এই ড্রয়ের ফলে বান্দরবান জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জোন সেমিফাইনালে উত্তীর্ণ হলো। তারা নিজেদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম একটি খেলায় জয় এবং ২টি খেলায় ড্র নিয়ে গ্রুপ রানার্স আপ সেমিফাইনালে উঠলো। আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে গ্রুপ সেমিফাইনাল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ বান্দরবান দলের প্রাণ সার ম্রো’র হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় শওকত খান, ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া ও সাবেক খেলোয়াড় মোহাম্মদ ফারুক। গতকাল চট্টগ্রাম জেলা দলের সাথে ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি এবং দলের ম্যানেজার ও জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।










