বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্ণফুলী জোনের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা টাইব্রেকারে ৪–২ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে। ফাইনালে চট্টগ্রাম খেলবে স্বাগতিক বান্দরবান জেলা দলের বিপক্ষে। একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বান্দরবান ১–০ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মন্দন ম্রো। আগামী ১৪ মার্চ শনিবার বেলা ১.৪৫টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। যাতে অংশ নেবে দুই সেমিফাইনাল বিজয়ী চট্টগ্রাম জেলা দল এবং স্বাগতিক বান্দরবান জেলা দল।
গতকালের দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম এবং ফেনী জেলা দল শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু গোল করার মত সুযোগ তাদের কেউই সৃষ্টি করতে পারেনি। ফলে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয় গোলশূন্যভাবে। খেলার নিষ্পত্তিতে টাইব্রেকারে যেতে হয় দু’দলকে। টাইব্রেকারে চট্টগ্রাম ৪–২ গোলে হারায় ফেনিকে। ফলে অপরাজিতভাবেই ফাইনালে জায়গা করে নিতে পেরেছে চট্টগ্রাম জেলা দল। চট্টগ্রাম জেলা দলের পক্ষে সাবিদ খান নিরব, শাহাদাত হোসেন, রবিউল হোসেন এবং নুরুজ্জামান সায়েম গোল করে। তবে গোল মিস করেন আরিফ সিদ্দিকী মাহিন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা দলের গোলরক্ষক আরিফুল ইসলাম জিসান। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার আশকর খান বাবু। এর আগে চট্টগ্রাম প্রাথমিক পর্বের প্রথম খেলায় খাগড়াছড়ি জেলা দলকে ৩–০ গোলে পরাজিত করে। এরপরের ম্যাচে তারা রাঙ্গামাটি জেলা দলের সাথে ১–১ গোলে ড্র করে। তৃতীয় খেলায় চট্টগ্রাম জেলা দল ১–১ গোলে বান্দরবান জেলা দলের সাথে ড্র করে।
গতকালের ম্যাচে চট্টগ্রাম জেলা দলকে উৎসাহ যোগাতে বান্দরবান স্টেডিয়ামে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, নির্বাহি সদস্য আবু সৈয়দ মাহমুদ, সরওয়ার আলম চৌধুরী মনি, কাজি জসিম উদ্দিন, দলের ম্যানেজার এবং সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমদ, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান সহ চট্টগ্রামের বিপুল সংখ্যক সাবেক এবং বর্তমান ফুটবলার।












