কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে চাকরি হারানোর দেড় মাস পর আতিকুর রহমান সুজন (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শিকলবাহা (৮ নম্বর ওয়ার্ড) চরহাজারী এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। নিহত যুবক ওই এলাকার মায়ার বাপের বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সুজন বিয়ে করেন। বর্তমানে তার ৪ মাস বয়সি একটি ছেলে সন্তান আছে। সুজন প্রায় কয়েক দুবাই ও কাতারে ছিলেন। সেখানে সফলতা না পাওয়ায় দেশে ফেরত আসেন।
পরে এসে আনোয়ারা কেপিজেডের গার্মেন্টেসে চাকরি নেন। কিন্তু তার সেই চাকরিটা গত দেড় মাস আগে চলে যায়। এরপর থেকে বিভিন্ন দুশ্চিন্তা ও হতশায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, ঘরের রান্না ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাকিটা পরে জানানো হবে।












