কর্ণফুলীতে যানজট নিরসন এবং সড়ককে অবৈধ পার্কিং ও দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক–বন্দর বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফকিরনীর হাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক–বন্দর বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানা। প্রায় ২ ঘণ্টাব্যাপী অভিযানে রাস্তার মাথা সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক ফুটপাতের দোকান ও ঝুপড়ি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এডিসি মো. মাসুদ রানা বলেন, কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং কিংবা ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানের সময় কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন কর্ণফুলী থানা পুলিশ।
ট্রাফিক পুলিশের এ তৎপরতায় ফুটপাত দখলমুক্ত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, ঝুপড়ি দোকান উচ্ছেদের ফলে জনগণের ভোগান্তি ও যানজট উভয়ই কমেছে।












