কর্ণফুলীতে ভাসছে টাকার বস্তা! নেপথ্যে কী

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

টাকাভর্তি কয়েকটি বস্তা নদীতে ভাসতে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, কাদা মিশ্রিত পানিতে ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটভর্তি কয়েকটি বস্তা পড়ে আছে। পাশেই ভাসছে কিছু ময়লাআবর্জনা।

ছবিটি ফেসবুকে শেয়ার করে আহমেদ মুছা নামে একজন লিখেছেন, টাকা লাগলে কর্ণফুলী নদীতে চলে আসুন। তবে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। পোস্টটির নিচে সাধারণ মানুষ নানা রসাত্মক মন্তব্য করতে শুরু করেন। সেলিম নামে একজন লেখেন, শুনলাম নদীর পাড়ে টাকার গাছ লাগানো হয়েছে, যে যত ইচ্ছা নিতে পারবে। এরশাদ রহমান নামে অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আরব সাগরে টাকা ফেলে দিয়েছে, যা ভেসে এখন কর্ণফুলীতে এসেছে।

তবে পুরো বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে নৌ পুলিশ। এ ব্যাপারে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা একটি ভুয়া ছবি। এর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি আরও বলেন, ভিত্তিহীন একটি বিষয় নিয়ে সকাল থেকে আমাদের অনেকটা সময় অপচয় করতে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওমরাহ ফেরত মাকে আনতে বিমানবন্দরে, ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
পরবর্তী নিবন্ধবর্ণমালা লিখতে না পারায় শিক্ষকের চড়-থাপ্পড়ে ছাত্রী অজ্ঞানের অভিযোগ