কর্ণফুলী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে মালামাল চুরির ঘটনায় জড়িত দু‘জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন চরপাথরঘাটা ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল হাজীর বাড়ির মোঃ সিদ্দিকের ছেলে মোঃ আব্বাস (২৪) এবং একই এলাকার মোঃ হোসেনের ছেলে মোঃ সবুজ (২১)। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মধ্য ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এসময় ৩টি সিলিং ফ্যান, ১টি পানি ফিল্টার, ১টি গ্যাসের চুলা, ১টি ডিনার সেটসহ মোট ২০ হাজার টাকা মালামাল নিয়ে যায় চুরেরা। পুলিশ জানায়, চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম চৌধুরী বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেন। পরে মামলার এজাহারের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা এলাকায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত বলেও এজাহার সূত্রে জানা যায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, স্কুলে চুরির ঘটনায় দু‘জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











