কর্ণফুলী উপজেলায় ছাত্রকে যৌন নিপীড়নের মামলায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মোহাম্মদ রিফাত উদ্দিন (২৩) নামে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি রিফাত উদ্দিন কক্সবাজার জেলার ঈদগাঁ গ্রামের নুরুল আজিমের পুত্র। এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২২ আগস্ট মাদ্রাসা ছাত্রের মা নুরতাজ বেগম বাদী হয়ে কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আহম্মদ ছফা দারুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসায় ছাত্ররা প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে যায়। গত ২১ আগস্ট দিবাগত রাতে মাদ্রাসার শিক্ষক রিফাত ১২ বছর বয়সী এক ছাত্রকে মাদ্রাসার রাান্না ঘরের কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। এ সময় অপর শিক্ষক কেফায়েত হেফজখানার অন্যান্য ছাত্রদের পড়ানোর জন্য ঘুম থেকে উঠানোর জন্য ডাকাডাকি করলে শিক্ষক রিফাত ছাত্রটিকে ছেড়ে দেয়। ছেলেটি ভয়ে কাউকে কিছু না বললেও পরদিন সকালে ছাত্ররা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করলে ঘটনাটি জানাজানি হয়। পরে শিক্ষক রিফাত কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে রিফাতকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর রিফাত পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে প্রেরণ করা হলে আদালত জেলে পাঠানোর নির্দেশ দেন।











