কর্ণফুলীতে আতিকুর রহমান সুজন (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরহাজারী এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সুজন বিয়ে করেন। বর্তমানে তার ৪ মাস বয়সী একটি ছেলে সন্তান আছে। সুজন প্রায় কয়েক বছর দুবাই ও কাতারে ছিলেন। সেখানে সফলতা না পাওয়ায় দেশে ফেরত আসেন। পরে এসে আনোয়ারা কেপিজেডের গার্মেন্টসে চাকরি নেন। কিন্তু তার সেই চাকরিটা গত দেড় মাস আগে চলে যায়। এরপর থেকে বিভিন্ন দুশ্চিন্তা ও হতাশায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘরের রান্না ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাকিটা পরে জানানো হবে।












