কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় উল্টোপথে আসা একটি বালুবাহী ট্রাকের চাপায় বিলকিস বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহসিন চৌধুরী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম শহর থেকে আনোয়ারাগামী একটি বালুবাহী ট্রাক উল্টোপথে এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার এএসআই মোয়াজ্জেম হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













