কর্ণফুলীতে ইট দিয়ে থেঁতলে রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে হত্যা

আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ১১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৪) নামে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়ব (৪৫)-কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব সম্পর্কে বন্ধু। দিদারুলের নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি স্টেশনারির দোকান রয়েছে। ওই দোকানে চাকরি করতেন আবু তৈয়ব।

দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এসব নিয়ে এলাকায় একাধিকবার শালিসি বৈঠকও হয়।

এর মধ্যে শুক্রবারে রাতে দিদারুল বাড়ির কাজ শেষ করে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মইজ্জারটেক পৌঁছালে অভিযুক্ত তৈয়ব আগে থেকে উৎপেতে থেকে দিদারুলকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করেন।

দিদারুল আলমের প্রতিবেশী এম এ রহিম জানান, প্রবাসে ধরা খেয়ে দেশে ফেরত আসেন আবু তৈয়ব। এখন বন্ধু হিসেবে দিদারুল তাকে আশ্রয় দিয়েছিল তার দোকানে নিয়ে। কিন্তু সে দিদারুলের কাছ থেকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন টাকা দাবি করতেন। অথচ তার কাছে কোনো টাকা পেত না। আজ তাকে মেরে ফেলল।

দিদারুল আলমের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, পুর্ব শত্রুতার জের ধরে দিদারকে হত্যা করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবলীগ সভাপতি নাজিম উদ্দীন হায়দার গ্রেপ্তার