চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট কমিটির সভা গতকাল সোমবার করোনা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান।
সভায় দেশে ক্রমবর্ধমান কোভিড–১৯ সংক্রমণের প্রেক্ষিতে হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসাসেবার সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। সভাকে অবহিত করা হয়, গত কয়েকদিনে হাসপাতালে করোনা রোগী ভর্তি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ তারিখ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। বর্তমানে হাসপাতালে করোনা রোগীর জন্য ১৬টি আইসিইউ ও এইচডিইউ শয্যা, ২২টি কেবিন ও ৪৭ টি সাধারণ শয্যাসহ মোট ৮৫টি শয্যা রয়েছে। ইতোমধ্যে কোভিড ওয়ার্ডের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগসহ সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। সভাতে চলমান কোভিড পরিস্থিতিতে হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা কার্যক্রম এবং কোভিড রোগীদের চিকিৎসা সেবা চলমান রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মো. আহসান উল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, করোনা ট্রিটমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. অলক নন্দী, মেম্বার সেক্রেটারী ডা. শেফাতুজ্জাহান, উপ–পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, উপ–পরিচালক ডা. আবু সৈয়দ চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রজত শংকর রায় বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, ডা. কামাল হোসেন জুয়েল, ডা. মাহাদী হাসান, ডা. কাজী তৌহিদুল আলম, ডা. সাইফুদ্দিন আজাদ, ডা. নাবিল আসগর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












