ক্যাম্বোডিয়ায় কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি বিদেশি কিছু সহায়তা কর্মসূচি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। গত রোববারের একতরফা নির্বাচনে ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) নিরঙ্কুশ জয় ঘোষণার পর যুক্তরাষ্ট্র বলেছে, গণতন্ত্র ক্ষুণ্ন হওয়ার কারণেই এমন পদক্ষেপ নিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনও শক্তিশালী বিরোধী দল নির্বাচনে ছিল না। ফলে কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের আগে কম্বোডিয়া কর্তৃপক্ষ বিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে হুমকি দিয়েছে, হয়রানি করেছে। এতে দেশটির সংবিধানের মর্যাদা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা ক্ষুণ্ন হয়েছে। তিনি আরও বলেন, এর জবাবেই, যারা গণতন্ত্র ক্ষুণ্ন করেছে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করাসহ কিছু বিদেশি সহায়তাও স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের।
কম্বোডিয়া কর্তৃপক্ষকে প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বন্ধ করা এবং সরকারের সমালোচকদের দোষী সাব্যস্তকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মিলার। একইসঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে ক্যাম্বোডিয়ার অবস্থান উন্নীত করতে স্বাধীন গণমাধ্যমকে বিনা বাধায় কাজ করতে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।







