আনোয়ারায় প্রেমিকার বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাহাবউদ্দিন (২৫) নামে এক তরুণ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। সাহাবউদ্দিন রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ারা সরকারি কলেজে পড়ার সময় ওই তরুণীর সঙ্গে সাহাবউদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সপ্তাহে ওই তরুণীর পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে সাহাবউদ্দিনের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে কনের বাড়িতে যায়। কিন্তু তরুণীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শুক্রবার বিয়ের আয়োজন করে। খবর পেয়ে সাহাবউদ্দিন ওই বাড়িতে গিয়ে বিষপান করেন।
সাহাবউদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন অভিযোগ করেন, আমার ভাইয়ের ইচ্ছার কথা জানতে পেরে আমি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা তা ফিরিয়ে দেয়। শুক্রবার জানতে পারি, আমার ভাই বিষপান করেছে। তার আগে তাকে মারধরও করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে।











