ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ বাড়ছে যাত্রীদের। ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন আগামী ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। ট্রেনটির নতুন এই রুটে প্রথম দিনের যাত্রার টিকিট গতকাল শুক্রবার থেকে বিক্রি হয়েছে।
গতকাল রেলওয়ের পরিবহন বিভাগের এক কর্মকর্তা রেলওয়ের টিকিট সংক্রান্ত ওয়েব সাইট–সহজ ডটকমের এক কর্মকর্তার বরাত দিয়ে আজাদীকে জানান, প্রথম দিনের টিকিট সকালে অনলাইনে ওপেন হওয়ার সাথে সাথে ওয়েবসাইটে প্রচুর হিট হয়। প্রায় টিকিট শেষ হয়ে গেছে বলে জানান ওই কর্মকর্তা।
কক্সবাজার রুটে নতুন এই ট্রেনটি (মহানগর এক্সপ্রেস) আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল শুরু হলে ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে শুরু করে নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা প্রথমবারের মতো ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ২টা ৪০মিনিটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে রাত ৩টায়। এরপর সকাল ৬টায় পৌঁছাবে কক্সবাজারে। ফিরতি পথে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে সকাল ৯ টায়। চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছবে দুপুর ১২টা ১০মিনিটে। প্রায় ২০মিনিট যাত্রাবিরতি শেষে সাড়ে ১২টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত যাত্রায় সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা।
মহানগর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জন্য ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে আজ শনিবার (১৭ অক্টোবর)।












