কক্সবাজারে সালাউদ্দিন আহমেদের জনসভায় গিয়ে নিখোঁজ প্রতিবন্ধী যুবক

ঈদগাঁও প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ৩:৩১ অপরাহ্ণ

কক্সবাজার সদর-৩ আসনের একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর থেকে তৌহিদুল ইসলাম (২৯) নিখোঁজ রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন এবং বাক প্রতিবন্ধী।

পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে তৌহিদুল ইসলাম অনাকাঙ্ক্ষিতভাবে জেলা শহর কক্সবাজারে সালাউদ্দিন আহমেদের জনসভায় চলে যান।

উল্লেখ্য, ওইদিন বিএনপির পক্ষ থেকে জনসভায় যাতায়াতের জন্য গাড়ি সরবরাহ করা হয়েছিল। যেহেতু তৌহিদুল মানসিক প্রতিবন্ধী, তিনি ভুলবশত বা অজান্তে ওই গাড়িতে উঠে পড়েন এবং জনসভায় পৌঁছান। সেখানে পৌঁছানোর পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ সময় তার পরনে ছিল একটি জ্যাকেট।

তৌহিদুল ইসলামের পিতা রুস্তম আলী সংবাদদাতাকে বলেন, “আমরা ইতিমধ্যেই স্থানীয় থানা এবং নির্বাচন অফিসকে বিষয়টি জানিয়েছি। তৌহিদুলের কোনো খোঁজ মেলেনি। যারা তাকে দেখেছেন বা কোনো তথ্য জানেন, তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যেন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করেন।”

পরিবারের পক্ষ থেকে জনসাধারণের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যেকোনো তথ্য বা সন্ধান পাওয়া গেলে তা দ্রুত জানানোর জন্য।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিভিন্ন যানবাহনকে জরিমানা