জাতীয় নির্বাচনের সময় এক প্রকার বন্ধই ছিল ব্যবসা। এরপর শুরু হল পবিত্র রমজান মাস। তাই ভর মৌসুমেও মন্দা পরিস্থিতি বিরাজ করছে কক্সবাজারের পর্যটন শিল্পে। ব্যবসায় মারাত্মক লোকসান দেখা দিয়েছে। তবে ঈদের পর কিছু ব্যবসা করার আশায় ব্যবসায়ীরা।
পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, পর্যটনের মৌসুমে এবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবে নির্বাচনকালে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কায় পর্যটকরা বেড়াতে ঘর থেকে বের হন না। এবারও তাই হয়েছে। সদ্য সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার সাথে সাথে হঠাৎ করে স্থবির হয়ে পড়ে পর্যটন শিল্প। নির্বাচনের পর শুরু হলো রমজান মাস। এই পবিত্র মাসে প্রায় শূন্যে নেমে আসে ভ্রমণপিপাসুদের উপস্থিতি।
কক্সবাজার হোটেল–মোটেল গেস্টহাউস মালিক সমিতি সভাপতি আবুল কাসেম সিকদার জানান, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার ভর মৌসুমে পর্যটন শিল্পে স্থবিরতা নেমে আসে। এর মধ্যে গত ১০ ফেব্রুয়ারি থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত পরিবহন চলাচলে বিধিনিষেধ দিয়েছিল কমিশন। ফলে সব মিলিয়ে কক্সবাজারের পর্যটনে ১০ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুরোপুরি স্থবিরতা দেখা গেছে।
তিনি বলেন, তফশীল ঘোষণার পর থেকে কক্সবাজারের ৫ শতাধিক হোটেল–মোটেলগুলোতে ৩০ শতাংশের কম বুকিং ছিলো। এরপর ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের ১০ শতাংশের কম বুকিং ছিলো। এতে করে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছে হোটেল–মোটেলগুলো। তার সাথে যুক্ত হচ্ছে রমজান, পর্যটকের সংখ্যা আরো কমে গেছে রমজান মাসে। পর্যটকের সংখ্যা কম থাকবে তাই এখন থেকেই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ঈদের পরের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পর্যটক কম আগমনে শুধু হোটেল–মোটেল নয়, লোকসানের শিকার হয়েছেন রেস্টুরেন্ট, ঝিনুক, শুটকি ও বার্মিজপণ্যসহ সব ধরনের পর্যটন ব্যবসায়ীরা।
বৃহত্তর সুগন্ধা বিচ ব্যাবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, বড় ব্যবসায়ীরা কোনো রকম লোকসান সামলাতে পারলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক শোচনীয় অবস্থায় রয়েছেন। তবে আগামী ঈদে তা পুষিয়ে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, রমজানেও কিছু সংখ্যক পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। তারা জনশূন্য সমুদ্র সৈকতের ভিন্ন পরিবেশ উপভোগ করছেন। তারপরও স্বাভাবিক সময়ের ট্যুরিস্ট পুলিশের নজরদারি ও নিরাপত্তার জোরদার রাখা হয়েছে।










