কক্সবাজারে দুই ছেলের ‘মারধরে’ পিতার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছেলেদের মারধরে নুরুল হুদা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা দরগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের অন্য সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টাকার লেনদেনকে কেন্দ্র করে পিতা নূরুল হুদা সাথে তার দুই পুত্র শফি আলম ও আবুল কালাম এবং স্ত্রীদের বাকবিতণ্ডা হয়। এতে যোগ দেয় দুই পুত্রের শ্বশুর পক্ষের লোকজনও। এক পর্যায়ে তারা সবাই মিলে নূরুল হুদাকে কিলঘুষিসহ নানাভাবে মারধর করেন। এতে অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রীর অভিযোগ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী ও অন্য ছেলেমেয়ের অভিযোগ, ঘটনার পরপর প্রতিবেশী ও স্বজনরা অভিযুক্তদের ঘরে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। কিন্তু অভিযুক্ত কাউকে পুলিশ হেফাজতে নেয়নি।

ওসি এটিএম সিফাতুল মাজদা বলেন, এক পুত্র অন্য পুত্র থেকে পাওনা টাকা নিয়ে সৃষ্টি বিবাদ মিটাতে গিয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রীর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনাসার হাবল ও জেমস ওয়েবে শনির বিরল দৃশ্য
পরবর্তী নিবন্ধরাজনীতিবিদ বা বিচারক নয়, ইতিহাস রচনার দায়িত্ব ইতিহাসবিদদেরই নিতে হবে : খসরু