বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কক্সবাজারে উদ্বোধন হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এগারতম আসর। কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক কক্সবাজার সদর শাখার ব্যবস্থাপক রমিজ আহমেদ। উদ্বোধক ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মাদ আলাউদ্দিন।
এবারের আসরে কক্সবাজার জেলার মোট ৮টি স্কুল অংশগ্রহণ করছে, যেখানে ১৪৪ জনেরও বেশি তরুণ ক্রিকেটার মোট ৭ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। জেলা পর্যায়ের ম্যাচগুলো শুরু হয়েছে। এরপর অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক রমিজ আহমদ বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায় মনোনিবেশ করলে দেহ, মন ও শারীরিকভাবে সুস্থ থাকে। আবার এখান থেকে সম্ভাবনাময়ী খেলোয়াড়রা বিভিন্ন লীগ ও জাতীয় দলে অন্তর্ভূক্ত হয়ে খেলার সুযোগ পায়। এভাবে তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নত করার জন্য প্রাইম ব্যাংকের উদ্যোগে ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’র আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদেরকে খেলাধুলা ও শরীর চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া বাংলাদেশের দক্ষিণ সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন মাদকের সহজলভ্যতা সমাজকে গ্রাস করছে। মাদক থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রাইম ব্যাংকের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেশ ও জাতি গঠনে এক অনন্য অবদান রাখবে। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সাথে নিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।














