কক্সবাজারে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত বন্ধু

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের পর্যটন এলাকায় মামলাসংক্রান্ত বিরোধের জেরে শওকত আলম (৩২) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার মধ্যরাতে শহরের হোটেলমোটেল জোনের সিলভার বে রিসোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত শওকত আলম টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গত ১৫ বছর ধরে তিনি সপরিবার কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় অভিযুক্ত আবু সিদ্দিক (৩৫) নিহতের বন্ধু এবং একই এলাকার ইমান হোসেনের ছেলে। সিদ্দিকের বিরুদ্ধে দুটি অপহরণ মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে ইজিবাইক নিয়ে বের হন শওকত। রাত ১১টার দিকে পর্যটন জোনে পূর্ববিরোধের জেরে সিদ্দিকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিদ্দিক ও তার সঙ্গে থাকা আরও ২৩ জন মিলে শওকতকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী সূরা খাতুনের অভিযোগ, সিদ্দিকের বিরুদ্ধে থাকা অপহরণ মামলাকে কেন্দ্র করেই শওকতের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মামলাসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস
পরবর্তী নিবন্ধআমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে