দেশের ১১ সিটি কর্পোরেশনের ধারাবাহিকতায় কক্সবাজারসহ ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক বসাল বিএনপি সরকার। গতকাল রোববার তাদের দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এর মধ্যে কক্সবাজারে প্রশাসক করা হয়েছে এটিএম নুরুল বশর চৌধুরীকে। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছিল। এর মধ্যে যেসব জেলায় বিভাগীয় শহর পড়েছে, সেখানে প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। বাকিগুলোতে জেলা প্রশাসকরা সেই দায়িত্ব পান। নির্বাচনের মধ্য দিয়ে আসা বিএনপি সরকার এবার সেই পদে দলীয় লোক বসাল। এর আগে ১৪ মার্চ ও ১৩ ফেব্রুয়ারি দুই দফায় ১১ সিটি কর্পোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতাদের বসানো হয়।
বাংলানিউজ জানায়, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে চাই : কক্সবাজার প্রতিনিধি জানান, এটিএম নুরুল বশর চৌধুরীর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। তিনি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। এর আগে ১৯৯৬ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনে মহেশখালী–কুতুবদিয়া আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ইউপি চেয়ারম্যান ও কুতুবদিয়া উপজেলা পরিষদের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
নবনিযুক্ত প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, আমি কখনো পদ–পদবীর জন্য রাজনীতি করি না। রাজনীতি করি মানুষের জন্য। মানুষের পাশে থাকতেই সরকার আমাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে বলে আমি মনে করি। আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে পালন করে জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাব। তিনি সবার সহযোগিতা চান।












