ওমরাহ ফেরত মাকে আনতে বিমানবন্দরে, ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

ওমরাহ ফেরত মাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে ফেরার পথে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়েদ উল্লাহ কঙবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লিঙ্গাপাড়া এলাকার প্রবাসী সামশুল আলমের পুত্র ও ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। তারা হলেন নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ভগ্নিপতি ইয়াছির আরাফাত (৩৫) ও চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মিনি কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখী নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোয়া গাড়িটি উল্টে সড়কের পাশে বিলে পড়ে যায়। দুর্ঘটনায় নোয়া গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদ উল্লাহকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা ইয়াসমিন আক্তার জানান, প্রায় তিন মাস আগে তিনি সৌদি আরব ওমরাহ পালন করতে গিয়েছিলেন। ওমরাহ পালন শেষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে নোয়া গাড়িযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুরে লোহাগাড়ার একটি হাইওয়ে রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করেন। পুনরায় যাত্রা শুরুর কিছুক্ষণ পর দুর্ঘটনার কবলে পড়েন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসছে টাকার বস্তা! নেপথ্যে কী