পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপড়েন ঘিরে অভিনেতা ও নির্মাতা মাজনুন মিজান নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘ম্যাজিক ওয়ার্ড’। বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে সিনেমাটি। ফেসবুকে সিনেমার ট্রেইলার প্রকাশ করে বঙ্গ লিখেছে, আসছে মাজনুন মিজান নির্মিত ‘ম্যাজিক ওয়ার্ড’। খবর বিডিনিজের।
পরিবার এবং ভালোবাসার এক অন্যরকম গল্প দেখা যাবে সিনেমায়। সিনেমার ট্রেইলারে দেখা গেছে, দেশের বাইরে থাকা এক দম্পতি, ভুল বোঝাবুঝিতে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। তাদের এই দূরত্বে অবহেলিত হয় শিশু। সেই শিশুর সঙ্গে বন্ধুত্ব হয় অস্ট্রেলিয়ান এক নারীর। মায়ের আদরে শিশুটির যত্ন নিতে থাকেন তিনি। মানবিক অনুভূতি ও সম্পর্কের এই জটিলতায় এগিয়ে যাবে ‘ম্যাজিক ওয়ার্ড’। ‘ম্যাজিক ওয়ার্ডের’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার অপু এবং মাজনুন মিজান, বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী রূপন্তি আকিদ, হোসাইন দেলোয়ার, অ্যাবেলিয়া জামান, শরীফ এবং অস্ট্রেলিয়ান অভিনেতা নিকোলেট। মিজান বলেন, প্রায় ৯৫ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে সিডনিতে। সেখানে বিভিন্ন লোকেশন শুটিং হয়েছে। দর্শকের গল্পটি পছন্দ হবে।












