এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সাত দিন আগে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ শেষ করতে বলেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ২১ এপ্রিল পরীক্ষা শুরু হবে। আর ১৩ এপ্রিলের মধ্যে প্রবেশপত্র বিতরণে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এম কামাল উদ্দিন হায়দার।
এ বছর বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে, যা (তত্ত্বীয়) শেষ হবে ২০ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। এসএসসি ও সমমানের পরীক্ষার সব কক্ষে বসানো হবে সিসি ক্যামেরা। সেইসঙ্গে নকল বা জালিয়াতি ঠেকাতে কেন্দ্রের টয়লেটগুলোতেও তল্লাশি চালানো হবে। খবর বিডিনিউজের।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পাঁচ বা ছয় ফুট লম্বা প্রতি বেঞ্চে দুজন এবং চার ফুট লম্বা বেঞ্চে একজনের আসন ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন পরিদর্শক থাকবেন।














