উজবেকিস্তানের সাথে ড্র করে বাংলাদেশ এশিয়ান গেমস হকিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। উজবেকিস্তানের বিপক্ষে প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা টানেন আমিরুল ইসলাম। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে গতকাল সোমবার জিততে পারলে বাছাইয়ে সেমি–ফাইনাল খেলতে পারত বাংলাদেশ, তাতে সরাসরি আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকেটও মিলে যেত। ১–১ ড্রয়ে সেই সমীকরণ মেলাতে পারেনি দল। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে সমতার স্বস্তি এনে দেন আমিরুল। চাইনিজ তাইপেকে ৪–৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩–২ গোলে। পুল ‘বি’র টেবিলে তিন ম্যাচে ৪ করে পয়েন্ট উজবেকিস্তান ও বাংলাদেশের। গোল পার্থক্যে এগিয়ে সেমি–ফাইনালে উঠেছে উজবেকিস্তান। বাংলাদেশ হয়েছে তৃতীয়। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা শ্রীলঙ্কা। পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে ৯টি দল।
এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরের এশিয়ান গেমসে খেলার সুযোগ। গ্রুপে তৃতীয় হওয়ার সুবাদে বাংলাদেশ এখন খেলবে পঞ্চম–অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। মঙ্গলবার পুল পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর চূড়ান্ত হবে স্থান নির্ধারণী ম্যাচের লাইন–আপ।












