এলপি গ্যাসের ওপর প্রযোজ্য ভ্যাট কমাল সরকার

উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রত্যাহার, আমদানিতে নির্ধারণ ৭.৫ শতাংশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

দেশের ভোক্তাদের স্বস্তি দিতে এলপি (লিকুইফাইড পেট্রোলিয়াম) গ্যাসের ওপর প্রযোজ্য ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল এ তথ্য জানিয়েছে।

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি এবং সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এলপি গ্যাসের ওপর প্রযোজ্য ভ্যাট কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশলোয়াবের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে গতকাল দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে পূর্বের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে সেখানে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

এনবিআর জানায়, আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে অতিরিক্ত ভ্যাট আর প্রযোজ্য হবে না। অর্থাৎ আমদানি পর্যায়ে যে ভ্যাট পরিশোধ করা হবে, সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে এবং পরবর্তী পর্যায়ে আর কোনো ভ্যাট কার্যকর থাকবে না।

সরকারের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এলপি গ্যাসের মূল্য কাঠামোয় ইতিবাচক প্রভাব পড়বে এবং ভোক্তা পর্যায়ে দাম কমার সম্ভাবনা তৈরি হবে। প্রজ্ঞাপন দুটি কার্যকর হওয়ার তারিখ থেকে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভোক্তাদের ওপর প্রায় ২০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাসের প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলপি গ্যাস বর্তমানে দেশের বিপুল সংখ্যক পরিবারের রান্না ও গৃহস্থালি কাজে অপরিহার্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই এর বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিশ্চিত করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে নতুন প্রজ্ঞাপনের আলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বাক্‌ প্রতিবন্ধী স্ত্রীকে হত্যা
পরবর্তী নিবন্ধএবার চরমোনাই পীরের বাসায় তারেক রহমান