এলপিজির মজুত পর্যাপ্ত, চড়া দামের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:২৫ পূর্বাহ্ণ

 

দেশে এলপি গ্যাসের কোনো সংকট না থাকার তথ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় খুচরা পর্যায়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা বেশি দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল রোববার সচিবালয়ে জ্বালানি বিভাগে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অপারেটর ও এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে জেলা ও উপজেলা প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।

বৈঠক শেষে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (এলওএবি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কিছু কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন হলেও বর্তমান মজুত সন্তোষজনক। সংগঠনটির নেতারাও খুচরা পর্যায়ে সংকট সৃষ্টি করে যারা চড়া দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈঠকে দাবি জানিয়েছেন।

সরবরাহ সংকটের কথা বলে গত কয়েকদিন থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির সিলিন্ডারে এক হাজার টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। বেশি দাম দিয়েও ক্রেতারা অনেক স্থানে এলপিজির সিলিন্ডার পাচ্ছেন না বলে অভিযোগ। এমন প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় এলপিজি বাজার স্বাভাবিক রাখতে রোববার বিকালে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধতারেকের বাসা ও বিএনপি অফিসের সামনে থেকে গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধদুয়েক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান